বাংলাদেশের তিস্তামহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা এবং চীন থেকে সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত তার প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর “কড়া নজর” রাখছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
এক সাংবাদিক চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।
এর আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহযোগিতা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয় এবং তা নিয়মিতভাবে পর্যালোচনা করা হয়।
তিনি আরও বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। এই ইস্যুতে আমাদের সামগ্রিক পদক্ষেপে সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রাখা হবে।
গত সপ্তাহে চীন সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনাকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং এটি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
এদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।

