মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়ার পরই জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।
সেন্টকম এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত আক্রমণের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, মার্কিন বাহিনী বর্তমানে সতর্ক অবস্থায় রয়েছে এবং উচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।
গত শুক্রবার কূটনীতিকে সুযোগ দিতে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এরপর মার্কিন ঘাঁটিতে এটি ছিল ইরানের প্রথম বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘গভীর আলোচনায়’ রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে পরিচালিত ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমান পূর্ব ইরাকের কয়েকটি লজিস্টিকস ও অস্ত্রঘাঁটিতে হামলা চালিয়েছে।
ট্রাম্পের হামলা স্থগিতের পর মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আমেরিকা বাহিনীর সতর্ক অবস্থানে

