Friday, July 17, 2026

কক্সবাজারের টেকনাফ থেকে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ডেলিভারি দিতে এসে চার রোহিঙ্গা যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের পেটের ভেতর ক্যাপসুল বানিয়ে রাখা সাত হাজার ৮০০ পিস ইয়াবা ডাক্তারের সহায়তায় উদ্ধার করা হয়।

‎শনিবার দুপুরে জেনেভা ক্যাম্পের পাশে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত চার রোহিঙ্গা যুবক হলো— সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)।

‎বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করে চার রোহিঙ্গা পাচারকারী। আমাদের অভিযানে সন্দেহজনক চার যুবককে আটক করলে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতরে ইয়াবা লুকানো রয়েছে। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর কয়েকটি বস্তু শনাক্ত করেন। এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।

তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি করতে এসেছিল সে বিষয়টি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত চার রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version