Friday, July 17, 2026

টানা ছয় দিন অবিরাম বৃষ্টির পর অবশেষে রাজধানী ঢাকায় রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে সূর্যের দেখা মেলে। এতে ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
টানা ছয় দিনের বর্ষণে রাজধানীর অধিকাংশ প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও বিভিন্ন এলাকার অলিগলি ও নিচু স্থানে এখনো জলাবদ্ধতা রয়েছে। কোথাও কোথাও রাস্তায় পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। তবে বেলা বাড়া পর্যন্ত নতুন করে বৃষ্টি না হওয়ায় নগরবাসী কিছুটা স্বস্তির সঙ্গে চলাফেরা করছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেশির ভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version