Monday, August 31, 2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)-এর পরিচয় জানা গেছে। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ এতটাই তীব্র ছিল যে আশপাশের খালে জেলেরা নৌকা নিয়ে যেতে পারেননি। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, জাহাজের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version