Monday, August 31, 2026

চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ। বুধবার ভোররাতে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে উচ্চগতিতে আঘাত হানে রকেটের সেকেন্ড স্টেজ। এ ঘটনায় চন্দ্রপৃষ্ঠে সৃষ্টি হয়েছে নতুন একটি বিশাল গহ্বর।
নাসার তথ্য অনুযায়ী, আঘাতের সময় রকেটের অংশটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার। এর ফলে চাঁদের মাটিতে প্রায় ৬০ ফুট চওড়া ও ১২ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে। তবে কয়েকজন বিশেষজ্ঞের ধারণা, গহ্বরটির প্রকৃত ব্যাস প্রায় ১০০ ফুট পর্যন্ত হতে পারে।
জানা গেছে, ২০২৫ সালে উৎক্ষেপণ করা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের এই অংশটি ছিল সেকেন্ড স্টেজ, যার আকার প্রায় একটি স্কুলবাসের সমান। দীর্ঘ সময় মহাকাশে ঘুরে বেড়ানোর পর সেটি শেষ পর্যন্ত চাঁদের বুকে আছড়ে পড়ে।
স্পেসএক্সের নাসা সায়েন্স অ্যান্ড ড্রাগন প্রোগ্রামস-এর পরিচালক জুলিয়ানা শেম্যান বলেন, সূর্যের কার্যকলাপ এবং মহাকর্ষীয় শক্তির সম্মিলিত প্রভাবে রকেটের এই অংশটি ধীরে ধীরে চাঁদের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত সেখানে আঘাত হানে।
উল্লেখ্য, চাঁদে কোনো পরিত্যক্ত রকেটের অংশ আছড়ে পড়ার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২২ সালের ৪ মার্চ চীনের লং মার্চ ৩সি রকেটের একটি অংশ চন্দ্রপৃষ্ঠে আঘাত হেনে একই ধরনের একটি গহ্বর সৃষ্টি করেছিল।

Exit mobile version