রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গ্র্যামি মনোনীত বিশ্বখ্যাত মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’র প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান কণ্ঠশিল্পী ব্র্যাড আর্নল্ড আর নেই।শনিবার ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ব্যান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘ক্যানসারের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের পর ব্র্যাড আর্নল্ড প্রিয়জনদের ঘিরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
১৯৯৬ সালে মিসিসিপির এসকাটাউপাতে তিন বন্ধুকে নিয়ে ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি গঠন করেন ব্র্যাড। ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও পরে তিনি প্রধান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডটির ব্রেকআউট হিট গান ‘ক্রিপ্টোনাইট’ তাদের রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং গানটির জন্য তারা গ্র্যামি মনোনয়ন পায় । মাত্র ১৫ বছর বয়সে গণিত ক্লাসে বসেই ‘ক্রিপ্টোনাইট’ গানটি লেখেন ব্র্যাড আর্নল্ড।
ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ বিক্রি হয় ৬০ লাখের বেশি কপি। ২০০৩ সালে ‘হোয়েন আই এম গন’ গানের জন্য তারা দ্বিতীয়বারের মতো গ্র্যামি মনোনয়ন পায়।

‘থ্রি ডোরস ডাউন’ মোট ছয়টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে। সর্বশেষ অ্যালবাম ‘আস অ্যান্ড দ্য নাইট’ মুক্তি পায় ২০১৬ সালে। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘লুজার’, ‘ডাক অ্যান্ড রান’ ও ‘বি লাইক দ্যাট’ যা ২০০১ সালের চলচ্চিত্র ‘আমেরিকান পাই ২’র সাউন্ডট্র্যাকে ব্যবহৃত হয়।
২০২৫ সালের মে মাসে সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে ব্র্যাড প্রথম তার অসুস্থতার কথা ভক্তদের জানিয়েছিলেন। তিনি জানান, তার শরীরে চতুর্থ পর্যায়ের ‘কিডনি ক্যানসার’ ধরা পড়েছে যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল। এসময় নিজের জনপ্রিয় গান ‘ইটস নট মাই টাইম’র কথা উল্লেখ করে ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন তিনি।’

ব্র্যাডের সংগীত মঞ্চের গণ্ডি পেরিয়ে অসংখ্য মানুষের জীবনে সংযোগ, আনন্দ, বিশ্বাস ও স্মরণীয় অভিজ্ঞতার সৃষ্টি করেছে। তিনি যে সুর ও স্মৃতি রেখে গেছেন তা চিরকাল বেঁচে থাকবে।

Leave A Reply

Exit mobile version