সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লা নগরীতে ফিরে দুর্বৃত্তদের হাতে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে- চাঞ্চল্যকর এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব, ডিবি, সিআইডি, পিবিআইসহ অন্যান্য সংস্থা। এদিকে রোববার রাতে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, ‘কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলার ক্লুলেস ও চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।’
    তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঢাকাগামী বাস থেকে ওই কর্মকর্তা হাইওয়েতে নেমে নগরীর টমছমব্রিজ এলাকায় এসে সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে বাসায় কথা বলেন। এর পর থেকে তার মোবাইল দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে ভোর সাড়ে ৫টায়ও তার মোবাইল সচল ছিল। তখন লোকশন ছিল চৌয়ারা এলাকায়। ধারণা করা হচ্ছে- সেখান থেকে তার টাকা-পয়সা, মোবাইল ও ক্যামেরাসহ মালামাল লুট করার পর তাকে হত্যা করা হয়। পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী রোড এলাকার একটি হোটেলের সামনে ফুটপাতে ফেলে যায় দুর্বৃত্তরা।
    এদিকে রোববার রাতে র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, ‘কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য বের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সোমবার বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।’

নিহত বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে দেড় বছর আগে চাকরিতে যোগ দেন। সর্বশেষ তিনি কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে থাকতেন রাজাগঞ্জ পানপট্টি এলাকার ভুইয়া হেরিটেজ নামে ভাড়া বাসায়। গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশের রাস্তা থেকে উদ্ধার হয় বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী।

Leave A Reply

Exit mobile version