প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বই অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব ও গবেষণা বইয়ে লিপিবদ্ধ করেছেন বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি করেছে।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই না পড়লে এবং জ্ঞান অর্জন না করলে মানুষের মনের জগত ও বিশ্বজগত—দুটিই অন্ধকার হয়ে থাকবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলে জ্ঞানের পরিধি বাড়ে এবং বহির্জগতের অন্ধকারও দূর হয়।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত বইটিতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচির কথা এতে রয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্রও বইটিতে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে কাজ করে যাচ্ছেন। দিন-রাত তিনি দায়িত্ব পালন করছেন এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই পর্যবেক্ষণ করছেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে কোনো গাফিলতি করছেন না। বরং কেউ দায়িত্বে অবহেলা করলে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। সে আমলা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি। একই সঙ্গে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন এবং জনগণের কল্যাণে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করছেন।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, বইটিতে থাকা তথ্য-উপাত্ত তাদের সেই প্রচেষ্টা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ও জনগণের প্রতি তাঁর অঙ্গীকারের তথ্যভিত্তিক দলিল হিসেবে বইটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।
কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে

