দেশে কাঁঠালভিত্তিক শিঙাড়া, সমুচা, কাবাবসহ নানা ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এসব পণ্যের পুষ্টিমান বেশি এবং আন্তর্জাতিক বাজারেও কাঁঠালভিত্তিক খাদ্যপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কাঁঠাল ব্যবহার করে বর্তমানে বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। শিঙাড়া, সমুচা ও কাবাবের মতো এসব পণ্যের “ফুড ভ্যালু হাই” এবং এগুলো পুষ্টিকর খাদ্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।
তিনি জানান, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি সম্পর্কে জানতে বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশে আগ্রহ প্রকাশ করেছে। এসব দেশ নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে কাঁঠাল ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে।
বাজেটে কৃষিখাতের বরাদ্দ কমেছে-এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, কৃষিখাতে বরাদ্দ কমেনি; বরং আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রণোদনা ও উন্নয়ন ব্যয়সহ মোট বরাদ্দও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

