সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
এসময় তারেক রহমান বলেন, ‘আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই– জানি না এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না বা কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, তবে আমি কয়েকটি কাজ করতে চাই। প্রিয় কড়াইলবাসী, আমি শুনেছি আপনারা এখানে থাকার জন্য অনেক কষ্ট করছেন। সেই কষ্টের সমস্যার সমাধান আমরা ধীরে ধীরে করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখানে যারা থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামেই দিতে চাই। এখানকার আদিবাসী বা যারা বহু বছর ধরে আছেন, তাদের কাছে এগুলো হস্তান্তর করতে চাই যাতে ঢাকা শহরের মতো জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়।’
মানুষের কল্যাণে আগামীদিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, ‘মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এছাড়া কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই।’

‘দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একইরকম স্বাস্থ্য সেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সবরকম সুবিধা যেন পায়, আমরা সে ব্যবস্থা করবো, যদি আল্লাহ চান’ যোগ করেন তিনি।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

Leave A Reply

Exit mobile version