Tuesday, July 21, 2026

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং এইচএসসি পরীক্ষাকে ঘিরে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, নির্ধারিত ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এইচএসসি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি। তবে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ এগিয়ে নিচ্ছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা ছিল। কিন্তু অনুকূল পরিস্থিতি না থাকায় সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। বর্তমানে ফল প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতগতিতে চলছে।”
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একাধিকবার জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়। তবে শেষ পর্যন্ত বিভিন্ন কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শেষ হলে নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Exit mobile version