Friday, July 17, 2026

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমদোন দেয়া হয়।’

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতরের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।

ঈদের ছুটি শুরুর আগেরদিন ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি। এরপর ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। তবে আজ মন্ত্রিপরিষদে ১৮ মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ঈদের এই ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। কেননা ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

Exit mobile version