উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এরবিল, সোরান ও খালিফান এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ব্যবহৃত কয়েকটি ড্রোনকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এরবিলের আকাশে একটি এবং ইরান সীমান্তসংলগ্ন সোরান জেলায় আরও তিনটি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১৭ জুলাই ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) তাদের ভূখণ্ডে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের অভিযান বন্ধের আহ্বান জানিয়েছিল।
উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে এরবিল ও সুলাইমানিয়ায় সক্রিয় বিরোধী কুর্দি গোষ্ঠীর অবস্থান, মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি সুলাইমানিয়ায় কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশনের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির আট সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটে।

