বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাজকর্ম সমিতি ও সমাজকর্ম বিভাগের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষককে নিজ কর্মস্থলে নির্মমভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রধান অভিযুক্তের পাশাপাশি এর পেছনে আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব বলেন, আসমা সাদিয়া রুনা আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ও দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। নিয়মতান্ত্রিকভাবে বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে এভাবে প্রাণ দিতে হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, এমন একজন অমায়িক ও ভদ্র শিক্ষিকা কেন হত্যাকাণ্ডের শিকার হলেন, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা প্রয়োজন। দ্রুত তদন্তের মাধ্যমে খুনি ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, সাদিয়া রুনা শুধু একজন শিক্ষকই নন, তিনি তিন সন্তানের জননী। দেশে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Leave A Reply

Exit mobile version