Monday, August 31, 2026

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার দিবাগত রাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, জাপোরিজ্জিয়ায় রুশ হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সহায়তা ছাড়া রাশিয়া এখন আর যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। ইউক্রেন ও ইউরোপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও সেনা ব্যবহারের মাত্রা যত বাড়বে, তারা তত নিজেদের ঘাটতি ও দুর্বলতা কাটিয়ে উঠবে। এটি পুরো বিশ্বের জন্যই হুমকি তৈরি করছে।
এর আগে শনিবার জেলেনস্কি দাবি করেন, রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়া প্রায় ৫০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে পশ্চিম সাইবেরিয়ার একটি রুশ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ইউক্রেনীয় বাহিনীর বিমান হামলাকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়াকে শান্তির প্রয়োজনীয়তা বোঝাতে ইউক্রেন ভবিষ্যতে আরও দূরপাল্লার হামলা চালাবে।

Exit mobile version