সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের দিনে সিনেমার পর্দা, টেলিভিশন, ম্যাগাজিন কিংবা সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে সেলিব্রিটিরা পৌঁছে গেছেন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির এই অগ্রযাত্রা যেমন ভক্তদের সঙ্গে তারকাদের দূরত্ব কমিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নতুন কিছু ঝুঁকিও। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ‘ডিপফেক’ কনটেন্টের বিস্তার তারকাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা হচ্ছে তাঁদের ছবি, কণ্ঠস্বর ও পরিচয়। এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয় ও আল্লু অর্জুনসহ একাধিক তারকা এ ধরনের ঘটনার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিগত ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে দিল্লি হাই কোর্টে আইনি সুরক্ষা চেয়ে আবেদন করেছেন তিনি। শুক্রবার বিচারপতি জ্যোতি সিংহের একক বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত ইঙ্গিত দেয়, অভিনেতার অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বরুণ ধাওয়ানের নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডিপফেক ভিডিও, আপত্তিকর ছবি, বিভ্রান্তিকর লিংক এবং ভুয়া প্রচারণামূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে অভিনেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনি প্রতিকারের দাবি জানিয়েছেন। আদালত সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকে আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট যাতে পুনরায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি ও বিভ্রান্তিকর প্রচারণার ঘটনা ক্রমেই বাড়ছে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও পরিচয়ের সুরক্ষা নিশ্চিত করতে আদালতের এমন পদক্ষেপ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave A Reply

Exit mobile version