Thursday, July 23, 2026
  •  হ টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। সরবরাহ সংকটে অধিকাংশ সবজির দাম এখন ১০০ টাকার ঘরে পৌঁছেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়ে প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
    বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, পটল ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
    সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচা মরিচে। কয়েক দিন আগেও প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
    অন্যদিকে, পেঁপে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি ৪০ টাকা। এছাড়া গাজর ১৬০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
    মোহাম্মদপুর টাউন হল বাজারের এক সবজি ব্যবসায়ী জানান, টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গা থেকে সবজি সংগ্রহ করা যাচ্ছে না। ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে।
    বাজারের এই ঊর্ধ্বমুখী দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, কয়েক দিন আগেও ৬০ থেকে ৭০ টাকায় যে সবজি কেনা যেত, এখন সেই একই সবজি কিনতে গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা বা তারও বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
    ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হয়ে বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম কমতে শুরু করবে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়তে পারে।
Exit mobile version