জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের সব তফসিলি ব্যাংকের জন্য কঠোর সাশ্রয়ী নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং সম্ভব হলে কার-পুলিং বা শেয়ারিং ব্যবস্থা অবলম্বনের কথা বলা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের অভ্যন্তরে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও এসির ব্যবহার সীমিত করতে বলা হয়েছে। বিশেষ করে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনে সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখার কথা বলা হয়েছে। ব্যাংকের আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ মানতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

