ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর আহ্বান করা প্রথম সংসদ অধিবেশন।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ১১ আগস্ট তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেন। ২৭ আগস্ট শুরু হওয়া ওই অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এতে ছয়টি বিল পাস হয় এবং ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়।
এর আগে ৭ জুন শুরু হওয়া দ্বিতীয় বা বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়। আর ১২ মার্চ শুরু হওয়া প্রথম অধিবেশনে ২৫ কার্যদিবসে পাস হয় ৯৪টি বিল।
সংবিধান অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হয়।

