শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬ হাজার ৯১৪টি পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রস্তুত থাকবে ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, এবার সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিরাপত্তা সমন্বয় ও দ্রুত তথ্য আদান-প্রদানে ৬৬ হাজার সদস্যকে ‘শারদীয় সুরক্ষা অ্যাপে’ যুক্ত করা হবে।
মহাপরিচালক বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গুজব মোকাবিলায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। দায়িত্বে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পূজায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। তাঁদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

