Monday, August 31, 2026

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ আগস্ট একযোগে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক।
সোমবার (২৭ জুলাই) তিনি ফল প্রকাশের নতুন তারিখ নিশ্চিত করেন। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।
গত ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, নির্ধারিত সময়ে অর্থাৎ ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে ফল প্রকাশের প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি তখন উল্লেখ করেন।
এরও আগে, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে এসব পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

Exit mobile version