দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮১ জন। এ সময়ে ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৭৪ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৭ হাজার ৯৩০ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

