হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে সোহাগ মিয়া (যুবক) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সীমান্ত এলাকা থেকে তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগ উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, একটি গরু ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চলে গেলে সেটি আনতে গিয়ে বিএসএফের গুলিতে সোহাগ নিহত হন। পরে পরিবারের সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

