শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে সারাদেশের মতো হবিগঞ্জেও আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। ১১ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। এ সময়ে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
তিনি জানান, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা হাসপাতাল থেকে ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৭ জনের শরীরে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা প্রদানই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে এনে টিকা দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

