Monday, August 31, 2026

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রবেশ পদে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বিপিএটিসি বা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কেউ চাকরির অনুপযোগী বিবেচিত হলে সরকার তাঁকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এর ভিত্তিতে প্রথম দফায় গত ২২ জানুয়ারি ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Exit mobile version