Monday, August 31, 2026

দেশের স্বাস্থ্যসেবা জোরদারে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ১১ থেকে ২০তম গ্রেডের ৩৪ হাজার ৭১৪টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন উপসচিব (প্রশাসন-১) সুজিৎ দেবনাথ।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৮৯৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনস্বার্থে এসব পদ দ্রুত পূরণ করা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস)-এর তথ্য অনুযায়ী, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসক ও অন্যান্য জনবলের উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমিয়ে সেবা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Exit mobile version