স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা আনুষ্ঠানিকভাবে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এর মধ্য দিয়ে স্পেনে দুটি ক্লাবের মালিক হলেন ইন্টার মায়ামির এই তারকা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এলদেনসে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে। তবে মালিকানা পুরোপুরি কার্যকর করতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন।
এর আগে চলতি বছরের শুরুতে স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনেছিলেন মেসি। বর্তমানে এলদেনসে তৃতীয় বিভাগে খেলছে, আর কর্নেয়া রয়েছে পঞ্চম বিভাগে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘদিন স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে উঠলেও ২০২৫ সালে আবার অবনমন হয়। ক্লাবটির দীর্ঘমেয়াদি ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নই মেসির মালিকানাধীন প্রকল্পের অন্যতম লক্ষ্য।
স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, একই সংখ্যাগরিষ্ঠ মালিকের দুটি ক্লাব একই বিভাগে খেলতে পারে না। ভবিষ্যতে এলদেনসে ও কর্নেয়া একই বিভাগে উঠে এলে মালিকানা কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে মেসিকে।

