সোমালিয়ায় ছিনতাই হওয়া তেলের ট্যাঙ্কার থেকে ভারতীয় এক নাবিকসহ পাঁচজনকে হত্যা করেছে জলদস্যুরা। মঙ্গলবার পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স (পিএমপিএফ) এ তথ্য জানিয়েছে।
পালাউয়ের পতাকাবাহী ‘এমটি অনার ২৫’ নামের ট্যাঙ্কারটি ১৮ হাজার ৫০০ ব্যারেল জ্বালানি নিয়ে মোগাদিশুর দিকে যাচ্ছিল। জাহাজটিতে ১৭ জন নাবিক ছিলেন, যাদের অধিকাংশই পাকিস্তানি। গত ২১ এপ্রিল জাহাজটি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা।
মঙ্গলবার জাহাজটি উদ্ধারে অভিযান চালায় পিএমপিএফ। এর আগেই পাঁচ নাবিককে হত্যা করে জলদস্যুরা। অভিযানে জাহাজটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে তল্লাশি চলছে। বর্তমানে জাহাজটি পুন্টল্যান্ড সরকারের হেফাজতে রয়েছে।
এদিকে, মঙ্গলবার ‘এমটি ইয়ুরেকা’ নামের টোগোর পতাকাবাহী আরেকটি ট্যাঙ্কার ছেড়ে দিয়েছে জলদস্যুরা। জাহাজটিতে চার ভারতীয়সহ ১২ জন নাবিক ছিলেন। তাঁদের সবাইকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। তবে জাহাজটির কয়েকটি অংশে আগুন ধরিয়ে দেয় জলদস্যুরা। গত ২ মে ইয়েমেনের কানা বন্দরের কাছে জাহাজটি ছিনতাই করা হয়েছিল। এতে ২০ হাজার ৪০০ ব্যারেল জ্বালানি ছিল।

