Monday, August 31, 2026

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ডন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে বিমানবন্দরে আটক করা হয়। জামিন পেলে তিনি ফের পলাতক হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে ডনকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজির করা হয়। পরে সেগুলো খুলে দেওয়া হয়। আইনজীবী আছেন কি না জানতে চাইলে ডন জানান, তার পক্ষে তখন কোনো আইনজীবী নেই।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পূর্বপরিকল্পিতভাবে ও পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়।
সালমান শাহর মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে হত্যার অভিযোগ আনা হয়। সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র‌্যাব ও পিবিআই একাধিকবার তদন্ত করে হত্যার অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানায়। তবে পরিবারের পক্ষ থেকে এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের দাবি করা হয়।
সর্বশেষ গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলার অভিযোগ তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই মামলাটি নতুন করে তদন্ত করছে পুলিশ।

Exit mobile version