Friday, July 17, 2026

খবরকন্ঠ রিপোর্ট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আমরাও চাই, শেখ হাসিনা আসুক, নিজের মামলা নিজে লড়ুক। তার দেশে ফিরতে চাওয়া স্ট্যাণ্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।

এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞের ১০টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যার যাচাই বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে দাখিল করা হবে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ বছরই দেশে ফেরার কথা বলেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে দিল্লিতে রয়েছেন তিনি।

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।

Exit mobile version