শুটিংয়ের সময় পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মনোলগের পরিবর্তে সঞ্চালকের চেয়ারে বসেই অনুষ্ঠানের সূচনা করেন অমিতাভ। এ সময় তাঁর হাঁটুতে চোট লাগার বিষয়টি দর্শকদের জানান তিনি।
অমিতাভ বলেন, আগের দিন শুটিং চলাকালে পিছলে পড়ে তাঁর বাঁ হাঁটুতে আঘাত লাগে। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল। তবে চোট নিয়ে উদ্বেগের কারণ নেই বলে ভক্তদের আশ্বস্ত করেন তিনি। প্রতিযোগীদের অভ্যর্থনা জানাতে যথারীতি দাঁড়াবেন বলেও জানান এই বর্ষীয়ান অভিনেতা।

