Monday, August 31, 2026

দক্ষিণ ইতালির নেপলসের কাছে আগ্নেয়গিরিপূর্ণ ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যার এ ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমাঞ্চলের ক্যাম্পি ফ্লেগ্রেই এলাকা এবং গভীরতা ছিল প্রায় ৩ কিলোমিটার।
ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, নেপলস ও আশপাশের এলাকায় কয়েকটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় কর্তৃপক্ষ ট্রেন ও মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখে। আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।
স্থানীয় গণমাধ্যমের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ক্যাম্পি ফ্লেগ্রেই অঞ্চলে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প। আগ্নেয়গিরিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এ এলাকায় সাম্প্রতিক সময়ে ভূকম্পনের মাত্রা বেড়ে যাওয়ায় নজরদারি জোরদার করেছে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, এলাকাটিতে ছোটখাটো ভূমিকম্প নিয়মিত হলেও শক্তিশালী কম্পন স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Exit mobile version