Monday, August 31, 2026

লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব। বিমানবন্দরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
চলতি বছরের ১ জুন পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করেন দেব। সেই দিনই দীর্ঘদিনের মান-অভিমান ভুলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘দেশু ৭’-এর ঘোষণা দেন তিনি। ছবিটি শুধু জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তনই নয়, পরিচালকের আসনেও দেবের অভিষেক হওয়ায় শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সম্প্রতি দেবের একটি ফ্যানপেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও রোদচশমা পরে বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সবার অভিবাদন গ্রহণ করছেন তিনি। কিছুক্ষণ পর সেখানে আসেন শুভশ্রী। দেখা হতেই একে অপরকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানান দুই তারকা। মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে।
দেবের ফ্যানক্লাবের দাবি, লাদাখে শুটিং শেষ করেই কলকাতায় ফিরেছেন অভিনেতা। বাড়ি ফেরার আগে বিমানবন্দরে শুভশ্রীর সঙ্গে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎই এখন সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়।
এর আগে ‘ধূমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তও নেটদুনিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিল। পাশাপাশি ‘দেশু ৭’-এর শুটিং সেটের কিছু দৃশ্যও ইতোমধ্যে ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। শুভশ্রীর পরনে হালকা রঙের শাড়ি ও গলায় ফুলের মালা। অনির্বাণের গলাতেও রয়েছে মালা। গাড়িতে একটি রাজনৈতিক দলের পতাকা দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, ছবিটির কাহিনি রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরেই আবর্তিত হবে। ছবির প্রথম ঝলকেও এমন ইঙ্গিত মিলেছিল।
‘দেশু ৭’ ঘিরে একের পর এক আপডেট, নতুন গুঞ্জন ও ভাইরাল মুহূর্তে দর্শকদের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। এখন অপেক্ষা শুধু ছবিটি বড় পর্দায় দেখার।

Exit mobile version