Monday, August 31, 2026

‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। তাঁদের কথা আন্তরিকতা আর সহমর্মিতার সঙ্গে শোনা উচিত।’ শুক্রবার যুবসমাজের প্রতিবাদকে সমর্থন করে লিখলেন অভিনেতা তথা এনসিপিআই সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমি দেশের অসংখ্য তরুণ ছাত্রছাত্রীর কণ্ঠস্বর শুনছি, তাঁরা নিজেদের কথা শোনানোর জন্য রাস্তায় নেমেছে। আমি আন্তরিকভাবে চাই, ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসুন। তাঁদের সমস্যাগুলি মন দিয়ে শুনুন। দ্রুত সমাধান হোক।’ ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। তিনি লিখেছেন, ‘সংবিধানের উপর আস্থা কীভাবে রাখতে হয় ও সেইমতো কাজ করতে হয়, তা শিখলাম। আমি কেবল ভাবছি, এই ছেলেমেয়েরা কতটা সাহসী। কতটা অদম্য, দৃঢ়চেতা। ওঁদের কাছ থেকে কত বড়ো শিক্ষাই না পেতে পারি আমরা।’ সম্প্রতি অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অঞ্জন দত্ত। তিনি লিখেছেন, ‘এতদিন ধরে ওঁর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’

Exit mobile version