হরমুজ প্রণালী সাত দিনের জন্য খোলার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করার পর ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনা মুখপাত্র মহম্মদ আক্রামিনিয়ার বলেছেন, ফের সামরিক হামলা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র।
ইরানের সেনা কমান্ডার আমির হাতামি বলেন, সামরিক সংঘাতের জন্য তেহরান প্রস্তুত। তাঁর ভাষায়, ‘যুদ্ধ শেষ হয়নি। আমরা জিতে গিয়েছি। এখন সেই জয়কে দৃঢ়ভাবে নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ইরানের সেনা ভবিষ্যতে শত্রুপক্ষকে আরও বড় ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ইরান যদি বাণিজ্য করতে না পারে, অন্যদেরও তা করতে দেওয়া হবে না। হরমুজ ইরানের মর্যাদার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শনিবার ইরানের হরমুজসংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ইরান ‘খুব বাজেভাবে হেরে যাচ্ছে’ এবং সে কারণেই দ্রুত চুক্তি করতে চাইছে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এখনও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা করছেন। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ইতিবাচক সাড়া দিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই হরমুজ সংকটের সমাধান সম্ভব।
Keep Reading
Add A Comment

