নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক এক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রায়পুর উপজেলার আজগর সওদাগরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪টি মাছ ধরার নৌকা ও ৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচায় নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান জোরদার করা হয়েছে।

