Monday, August 31, 2026

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধ থেকে নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্র এখন ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলছে। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে নিয়ে গিয়ে সাইবার স্ক্যামসহ বিভিন্ন অপরাধে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রযুক্তি প্রতিষ্ঠান, অর্থলগ্নি সংস্থা, বেসরকারি খাত ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মানবপাচার প্রতিরোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এতে অনলাইন স্ক্যাম, প্রযুক্তির অপব্যবহার ও জোরপূর্বক অপরাধে বাধ্য করার মতো বিষয়গুলো কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীদের উদ্ধার, আইনি সহায়তা ও পুনর্বাসনে ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ অভিবাসন ও ভুয়া নিয়োগ চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version