সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরবরাহ বাড়ায় রাজধানীর অধিকাংশ বাজারে সপ্তাহজুড়ে সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে মুরগির বাজার স্থিতিশীল থাকলেও মাছের বাজারে উল্টো চিত্র দেখা গেছে; কয়েক ধরনের মাছের দাম বেড়েছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, তালতলা, আগারগাঁও, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে। বর্তমানে করলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে, ঢেঁড়স ৪০-৫০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং বরবটি ৫০-৬০ টাকায়। বেগুনের দামও কমে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নেমে এসেছে।
এ ছাড়া চিচিঙ্গা ৫০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা এবং সাজনা ১২০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ধুন্দল ও কাঁচা আমের দামও তুলনামূলক কমেছে।
কাঁচামরিচের দাম কমে কেজিতে ৮০-১২০ টাকায় নেমেছে। শসার বাজারেও বড় পতন দেখা গেছে। দেশি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজিতে।
পেঁপে কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি হলেও কিছু এলাকায় চাহিদা ও সরবরাহভেদে দাম আরও বেশি দেখা গেছে। এছাড়া লাউ ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং ক্যাপসিকাম ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শাকের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। লালশাকের আঁটি ১৫ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং পালংশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের বাজারেও স্বস্তি রয়েছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায়।
ব্রয়লার মুরগির দাম আগের সপ্তাহের মতোই স্থির রয়েছে। বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে। এছাড়া সোনালি কক ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। ইলিশ আকারভেদে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। রুই ও কাতল ৪০০-৫৫০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চিংড়ি মাছের দাম ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে। খাসির মাংস ১ হাজার ২০০ টাকা, কলিজা ৮০০ টাকা এবং মাথার মাংস ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ বাড়ায় সবজির বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। তবে মাছের বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। ফলে সামগ্রিকভাবে নিত্যপণ্যের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে।

Leave A Reply

Exit mobile version