রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। এ উপলক্ষে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী উৎসব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

