Monday, August 31, 2026

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকা শিখা ইন হোটেলে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হোটেল। কয়েকজন আবাসিক ভেতরে আটকা পড়লে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
স্থানীয় সূত্র জানায়, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। বাংলাদেশি পর্যটকদের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলগুলো বেশ পরিচিত।
হোটেলের এক আবাসিক মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভবনের প্রবেশ ও বের হওয়ার পথ সরু হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। হোটেলে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির বিভিন্ন তলায় বিভিন্ন নামে একাধিক আবাসিক হোটেল চলছিল। এসবের কয়েকটি যথাযথ অনুমোদন ও দমকলের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কলকাতা পুলিশ।

Exit mobile version