Monday, August 31, 2026

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এর সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। এর আগে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে।
দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে আব্রাহাম লিঙ্কনের নাবিক ও ক্রুদের মধ্যে মানসিক চাপ তৈরি হওয়ায় সেটির পরিবর্তে জর্জ ওয়াশিংটন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যেই নতুন এই রণতরী মোতায়েন করা হলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দেশ দুটির সঙ্গে ইরানের টানা ৪০ দিন সংঘাত চলে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি না থাকলেও হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে। তবে ইরানকে ঘিরে মার্কিন চাপ অব্যাহত রয়েছে এবং দেশটির ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে ওয়াশিংটন।

Exit mobile version