সৌদি আরবের মক্কায় একটি মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন এবং ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। রায় চূড়ান্ত হওয়ার পর তা কার্যকর করা হয়।

