Monday, August 31, 2026

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে অন্তত চারজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নেপালের খ্যাতনামা পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই)সহ মোট ১০ জন নিখোঁজ রয়েছেন।
পাকিস্তান আলপাইন ক্লাব জানিয়েছে, নিহতদের মধ্যে ওমানের নাধিরা আল হারথি ও নেপালের পুর বাহাদুর গুরুংকে শনাক্ত করা হয়েছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারসহ অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩-এর দিকে সামিট অভিযানের সময় হঠাৎ তুষারঝড়ে অভিযাত্রী দলটি দুর্ঘটনার কবলে পড়ে। দলে নির্মল পুরজার নেতৃত্বে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি এবং ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের একজন করে পর্বতারোহী ছিলেন। একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে নির্মল পুরজার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও তার জিপিএস ট্র্যাকার থেকে কয়েক দফা অবস্থান পরিবর্তনের সংকেত পাওয়া গেছে। তবে তিনি জীবিত আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Exit mobile version