পাকিস্তানের অশান্ত বালোচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির দাবি, তুরবত এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন।
বিএলএফের দাবি অনুযায়ী, তাদের নবগঠিত নারী ইউনিট ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কেএএডি) প্রথমবারের মতো সরাসরি সশস্ত্র অভিযানে অংশ নেয়। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) একটি জাতীয় সড়কে সেনাবাহিনীর তিনটি গাড়ির কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলার একটি ভিডিওও প্রকাশ করেছে সংগঠনটি।
বিএলএফের মুখপাত্র মেজর গোয়াহরাম বালোচ দাবি করেন, হামলায় পাকিস্তানি বাহিনীর কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। তবে পাল্টা গুলিতে তাদের ‘কুরবান ইউনিটের’ একজন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়।
নারী ইউনিটটির নামকরণ করা হয়েছে প্রয়াত বালোচ অধিকারকর্মী করিমা বালোচের নামে। এদিকে একই দিনে ডেরা বুগতি ও কালাত এলাকাতেও নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

