সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
এ সময় দু’জনকে আটকসহ পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।


