ফ্লাই দুবাইয়ের বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রের ঘটনায় নতুন করে মালদ্বীপের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। এ ঘটনায় ওমানের পাইলট হামাম আল হামামির দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। তাঁরা দুজনই মালদ্বীপের নাগরিক বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, গত শনিবার গ্রেপ্তার হওয়া ওই দুই পাইলট ইসরায়েল সফরও করেছিলেন। তবে তাঁদের সফরের সঙ্গে কথিত ষড়যন্ত্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
মালদ্বীপের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মালদ্বীপের দূতাবাসের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি দুই পাইলটের পরিবারকে জানানো হয়েছে। ফ্লাই দুবাইয়ে সর্বশেষ নিয়োগ পাওয়া মালদ্বীপের ছয় পাইলটের মধ্যে তাঁরা দুজন। গত ৩০ সেপ্টেম্বর বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হামামির সঙ্গে তাঁরা কাজ করতেন।

