Friday, July 17, 2026

দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফরাসি দলকে পরাজিত করে ১৬ বছর পর আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে লা রোজারা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি ধারাবাহিক আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগকে চাপে রাখে। সেই চাপের ফল হিসেবে দুটি গোল করে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে ফ্রান্সও কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও স্পেনের সুসংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে পুরো ম্যাচে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় ফরাসিদের।
এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা। দীর্ঘ ১৬ বছর পর আবারও সেই সাফল্য পুনরাবৃত্তির সুযোগ তৈরি হয়েছে স্প্যানিশদের সামনে।
অন্যদিকে এই পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্সআপ ফ্রান্সকে। শেষ বাঁশি বাজতেই স্পেনের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এখন বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের লক্ষ্যে ফাইনালের মহারণের অপেক্ষায় রয়েছে স্পেন।

Exit mobile version