Monday, August 31, 2026

ফ্যাসিবাদ যাতে দেশে আর পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, ‘এমন একটি বাংলাদেশের পথে হাঁটতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ফ্যাসিবাদ যেন আবার পুনর্বাসিত না হয় এবং আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করতে হবে।’
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সময় প্রায় ২০ দিনে গুলি করে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০০ মানুষ হাত-পা বা শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন। এসব ঘটনার পরও অনেকে কিছুই হয়নি বলে দাবি করছেন।
যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চোখ খুলুন। আমরা যদি অপরাধ করি, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। নাগরিক হিসেবে সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী এটি আপনাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।’
আইনমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়; অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও যারা চোখ বন্ধ করে আছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, তারাও মানুষ এবং তাদেরও অধিকার রয়েছে। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে কাজ করছে। তিন বছর ধরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ বিষয়ে তিনি নিজে সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, সারা দেশ থেকে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাতে রাসুল (সা.) ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল— ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নবী হযরত মোহাম্মদ (সা.)-এর শিক্ষা’। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version