Monday, August 31, 2026

ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় মানুষের ওপর প্রথমবারের মতো ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকার আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। গবেষণার অংশ হিসেবে উন্নত পর্যায়ের নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এক রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হয়েছে।
যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়, ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টার (সিসিসি) এবং লিভারপুল ক্লিনিক্যাল ট্রায়ালস সেন্টারের গবেষকরা যৌথভাবে এ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে টিকাটি তৈরি করা হচ্ছে, যা রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
গবেষকদের মতে, আধুনিক জিন বিশ্লেষণ ও ‘ডগিবোন ডিএনএ’ প্রযুক্তির সমন্বয়ে তৈরি এ টিকা ভবিষ্যতে দ্রুত, কম খরচে এবং বড় পরিসরে ব্যক্তিভিত্তিক ক্যানসার চিকিৎসার পথ খুলে দিতে পারে।
‘নিওভ্যাক’ নামের প্রথম ধাপের এই ক্লিনিক্যাল পরীক্ষায় যুক্তরাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিল ২৬ লাখ ৬০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে। গবেষণার যৌথ নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ক্রিশ্চিয়ান অটেনসমায়ার ও অধ্যাপক নাটালিয়া সাভেলিয়েভা।
অধ্যাপক অটেনসমায়ার বলেন, প্রচলিত ইমিউনোথেরাপিতে পুরোপুরি সাড়া না পাওয়া রোগীদের জন্য এই টিকা নতুন আশা তৈরি করতে পারে। আর ক্ল্যাটারব্রিজ ক্যানসার সেন্টারের অনকোলজিস্ট ডা. কার্লেস এসক্রিউর মতে, গবেষণাটি সফল হলে উন্নত পর্যায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Exit mobile version